প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ মঞ্চে পা রাখতে চলেছেন মিস ফিলিস্তিন নাদিন আয়ুব। মিস ইউনিভার্সের মঞ্চে অন্যান্য প্রতিযোগীদের মতো তিনি শুধু রূপ, বুদ্ধিমত্তা ও সাহসিকতার যোগ্যতার প্রমাণ দিতে যাচ্ছেন না। এই মঞ্চে তিনি একটি জাতির স্বপ্ন, অস্তিত্ব আর পরিচয়ের বার্তা বহন করে হাঁটবেন।
২১ নভেম্বর শুরু হবে ২০২৫ এর বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতার আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। নাদিন আয়ুব গত ১৩ অগস্ট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর এবারই প্রথমবারের মতো দেশটির কোনো প্রতিযোগী এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। ২৭ বছর বয়সী এই সুন্দরী মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশা এবং ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।’
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের অংশগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন বাড়ছে। বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে, নাহিন আইয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে।
নাদিন আইয়ুব দুবাই-ভিত্তিক একজন ফিলিস্তিনি সুন্দরী। যিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের দুবাই এবং রামাল্লার মধ্যে থাকেন। তিনি ২০২২ সালে ‘মিস প্যালেস্টাইন’ খেতাব অর্জন করেছিলেন।
সুলতানা দিনা/