প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডের জাতীয় সংসদ ভবন (নিটিজেলা) ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ভবনটি তারা বাঁচাতে পারেননি।
মঙ্গলবার স্থানীয় দমকল ও পুলিশ কর্মকর্তারা জানান, রাতভর এই অগ্নিকাণ্ডে পুরো সংসদ ভবন কার্যত অচল হয়ে গেছে। এছাড়া সব নথি ও আর্কাইভ পুড়ে ছাই হয়ে গেছে। খবর এবিসি নিউজের।
ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা জানায়, সংসদ ভবনের প্রায় অর্ধেক অংশ রাতভর আগুনে পুড়ে গেছে। বাকি অংশও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রশান্ত মহাসাগরে হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি দ্বীপপুঞ্জটির জনসংখ্যা প্রায় ৪২ হাজার। মোট জনসংখ্যার অর্ধেকের বাস রাজধানী মজুরোতে। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তি রয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক প্রবেশাধিকার পায় এবং এর বিনিময়ে অর্থনৈতিক সহায়তা দেয়।
পাশাপাশি মার্শাল আইল্যান্ড তাইওয়ানকেও কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে। প্রেসিডেন্ট হিল্ডা হাইনের দপ্তর থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
পৃথক প্রতিবেদনে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড বলছে, ভয়াবহ এই আগুনে ‘সব শেষ হয়ে গেছে’। রাতের অগ্নিকাণ্ডের ঘটনাটি বর্ণনা করে আরএনজেড প্যাসিফিকের মার্শাল দ্বীপপুঞ্জ প্রতিনিধি গিফ জনসন জানান, সোমবার গভীর রাতের পরপরই সংসদ ভবনে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের সময় সংসদের অধিবেশন চলছিল। তবে গভীর রাতে আগুন লাগায় কেউ হতাহত হয়নি। ইতোমধ্যেই বিকল্প ভবনে সংসদ অধিবেশন চালানোর পরিকল্পনা শুরু হয়েছে।
তবে, সংসদ ভবনের সব নথি ও ডিজিটাল আর্কাইভ নষ্ট হয়ে যাওয়ায় অনেক তথ্যের আর কোনো ব্যাকআপ নেই। ক্ষতির পূর্ণ চিত্র বুঝতে এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
সুলতানা দিনা/