ইসরায়েল-সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দুই দেশ উদ্যোগ নিলেও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দেশের পরিস্থিতি অন্যান্য আরব দেশের মতো নয়। গোলান হাইটস ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্নই ওঠে না।
বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আল-শারা জানান, আব্রাহাম চুক্তি মূলত সেই দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের ইস্রায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। কিন্তু সিরিয়ার পরিস্থিতি আলাদা, কারণ ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান হাইটস দখল করে নিয়েছে। তাই এমন প্রেক্ষাপটে এই চুক্তিতে যোগদানের কোনো পরিকল্পনা নেই।
২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে।
তবে সিরিয়া এই চুক্তির অংশ নয় এমনটা উল্লেখ করে আল-শারা জানান, দামেস্ক এখন দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করার ওপর গুরুত্ব দিচ্ছে। এজন্য তারা ১৯৭৪ সালের জাতিসংঘ-মধ্যস্থ প্রত্যাহার চুক্তি এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানকে গুরুত্ব দিচ্ছে।
আসছে সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে যাচ্ছেন আল-শারা। ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো কোনো সিরিয়ান প্রেসিডেন্ট এই বৈশ্বিক সম্মেলনে যোগ দেবেন।
আল-শারা বলেন, ‘জাতিসংঘের এই সম্মেলনে অংশগ্রহণ নিজেই একটি বার্তা, সিরিয়া আর বিচ্ছিন্ন নয় এবং আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফিরছি।’
সুলতানা দিনা/