৬০ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের পর ১৯৬০ সালে স্বাধীনতা পায় মাদাগাস্কার। প্রায় ১২৮ বছর পর মাদাগাস্কারকে তিনটি মানব খুলি ফিরিয়ে দিয়েছে ফ্রান্স। যার মধ্যে একটি ১৯ শতকের সাকালাভা জাতির মালাগাসি রাজা তোয়েরার বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর।
সোমবার (২৫ আগস্ট) ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলিগুলোর প্রত্যর্পণ সম্পন্ন হয়।
ধারণা করা হচ্ছে খুলিগুলো ১৯ শতকের সাকালাভা জনগোষ্ঠীর রাজা টোয়ারা ও তার সঙ্গে যুদ্ধ করা দুই সেনার। ১৯ শতকের শেষ দিকে ফরাসি বাহিনী সাকালাভা রাজ্যগুলোকে পরাজিত করে মাদাগাস্কারকে উপনিবেশে পরিণত করে। ১৮৯৭ সালের আগস্টে রাজা টোয়ারাকে শিরশ্ছেদ করে হত্যা করে ফরাসি সেনাবাহিনী। পরে তার খুলি যুদ্ধের ট্রফি হিসেবে প্যারিসে নিয়ে গিয়ে জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষণ করা হয়।
১২৮ বছর ফ্রান্সের জাদুঘরে ছিল খুলিগুলো সংরক্ষিত ছিল। সেখানে মাদাগাস্কার থেকে সংগৃহীত আরও বহু দেহাবশেষ সংরক্ষিত রয়েছে।অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশ্যে তাদের দেহাবশেষ নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ করে দিতে ২০২৩ সালের ৮ ডিসেম্বর একটি আইন পাস করে ফ্রান্স।
সেই আইন অনুযায়ী, ফ্রান্সের সরকারি সংগ্রহে আছে এমন কোনো মানব দেহাবশেষের বয়স ৫০০ বছরের কম হলে সেগুলোকে তাদের দেশে ফেরত পাঠানো যাবে। এই আইনের মাধ্যমে, প্রধানমন্ত্রী সরাসরি সিদ্ধান্ত নিয়ে এসব দেহাবশেষ ফেরত পাঠাতে পারেন, কোনো বিশেষ আইনের প্রয়োজন হয় না।
এর আগে, প্রতিটি দেহাবশেষ ফেরত পাঠানোর জন্য আলাদা করে আইন পাস করতে হতো। এই পদক্ষেপটি ফ্রান্সের ঔপনিবেশিক অতীতের প্রতি দায়বদ্ধতা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক বিবৃতিতে বলেন, ‘এই খুলিগুলো যে প্রক্রিয়ায় ফরাসি জাদুঘরে প্রবেশ করেছিল তা নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন ও মানব মর্যাদার প্রতি অসম্মান। আর এ সবই ঘটেছে ঔপনিবেশিক সহিংসতার সময়।’
এর আগে ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আফ্রিকায় ফ্রান্সের উপনিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফ্রান্সের ভুল স্বীকার করে আসছেন ইমানুয়েল মাখোঁ। চলতি বছরের এপ্রিলে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো সফরকালে দেশটির ওপর ফ্রান্সের উপনিবেশকে রক্তাক্ত ও মর্মান্তিক বলে অভিহিত করে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি।
এদিকে, মাদাগাস্কারের সংস্কৃতি মন্ত্রী ভোলামিরান্তি ডোনা মারা বলেন, খুলিগুলো ফেরত দিয়ে ফ্রান্স ইতিহাস গড়ল। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার যুগ শুরু হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
ফেরত দেওয়া খুলিগুলো গত রবিবার ভারত মহাসাগরীয় দ্বীপটিতে পৌঁছাবে এবং সেখানেই ধর্মীয় রীতিতে দাফন করা হবে বলে জানা গেছে।
সুলতানা দিনা/