যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র এবং রক্ষণশীল আমেরিকান কর্মী চার্লি কার্ককে উটাহের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ৩১ বছর বয়সী কার্ক টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
চার্লি কার্ক সক্রিয় যুব গোষ্ঠী টার্নিং পয়েন্ট ইউএসএ-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মহান, এমনকি কিংবদন্তি, চার্লি কার্কও মারা গেছেন। যুক্তরাষ্ট্রে চার্লির চেয়ে ভালো আর কেউ যুবকদের হৃদয় বোঝেনি বা বুঝতে পারেনি। তিনি সকলের, বিশেষ করে আমার, ভালোবাসা এবং প্রশংসা পেয়েছিলেন, এবং এখন, তিনি আর আমাদের মধ্যে নেই।’
ট্রাম্প বলেন, কার্কের সম্মানে তিনি রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
বুধবার হোয়াইট হাউস থেকে এক ভিডিও ভাষণে ট্রাম্প কার্কের হত্যার পেছনে ‘উগ্র বামপন্থিদের’ বক্তব্যকে দায়ী করেন।
উটাহ কর্তৃপক্ষ জানায়, কার্ককে মাত্র একটি গুলিতে হত্যা করা হয়েছে। তাদের বিশ্বাস, এটি একটি লক্ষ্যবস্তু আক্রমণ ছিল।
অনলাইনে প্রচারিত ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, সল্ট লেক সিটি থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি সরকারি প্রতিষ্ঠান উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে কার্ক বিশাল জনতার সামনে ভাষণ দিচ্ছেন, ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা যায়।
উটাহ জননিরাপত্তা বিভাগের কমিশনার বিউ ম্যাসন বলেছেন, কর্তৃপক্ষ কালো পোশাক পরা একজন সন্দেহভাজনকে খুঁজছে, যিনি ছাদ থেকে গুলি চালিয়েছেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের পর আগে আটক এক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং স্বচ্ছতার স্বার্থে আমরা তথ্য প্রকাশ অব্যাহত রাখব।
অমিয়/