একটি টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে বুকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। এই ঘটনায় রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস।
কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেন, ‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই হুমকির পর কেসি ভেনুগোপাল কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত শাহর উদ্দেশ্যে চিঠি লিখেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেনুগোপাল বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।’
চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ‘ঠাণ্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতিকর’ বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
এতে বলা হয়, এটি কোনো অসাবধানতাবশত উচ্চারিত কথা নয় কিংবা হঠাৎ বলা কোনো বাড়াবাড়ি মন্তব্য নয়। এটি বিরোধীদলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি।
চিঠিতে বলা হয়, অতীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে। হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
কংগ্রেস বলেছে, একজন ক্ষুদ্র নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি। যা বিরোধীদলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে।
সুলতানা দিনা/