ইসরায়েলের কারাগারে ২১ বছর বন্দী থাকার পর, সাম্প্রতিক বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেয়ে আরবি বুকার পুরস্কারপ্রাপ্ত ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসেম খন্দকজি মিশরে নির্বাসিত হয়েছেন। তিনি ইতোমধ্যে কায়রোতে পৌঁছেছেন।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, খন্দাকজিসহ ১৫৪ জন ফিলিস্তিনিকে একযোগে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে তাদের সবাইকেই দেশছাড়া করে বিভিন্ন স্থানে নির্বাসনে পাঠানো হয়েছে।
৪১ বছর বয়সী খ্যাতনামা ফিলিস্তিনি লেখক বাসিম খন্দাকজি ইসরায়েলের কারাগার থেকে সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পাওয়ার পর তাকে স্বাগত জানাতে মিশরের সীমান্তে জড়ো হন তার হাজারো সমর্থক।
প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ (কুফিয়াহ) পরিহিত খন্দাকজিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তারা।
২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে তেলআবিবে এক বিস্ফোরক হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনটি মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
কিন্তু দীর্ঘ বন্দিজীবনে খন্দাকজি লেখালেখির মাধ্যমে নিজের পরিচয় গড়ে তোলেন। কারাগারে বসেই তিনি লেখেন একাধিক সাহিত্যকর্ম। ২০২৪ সালে তার উপন্যাস ‘A Mask, the Colour of the Sky’ আন্তর্জাতিক আরবি উপন্যাস পুরস্কার (IPAF) অর্জন করে, যা আরবি ভাষার অন্যতম মর্যাদাপূর্ণ ।
খন্দকজি ১৯৮৩ সালে নাবলুসে জন্মগ্রহণ করেন। তিনি আন-নাজাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা এবং মিডিয়া নিয়ে পড়াশোনা করেন। ২০০৪ সালে ২১ বছর বয়সে গ্রেপ্তারের আগে ছোটগল্প লেখা শুরু করেন। তিনি আল-কুদস বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে কারাগারের মধ্যেই তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন।
প্রায় দুই দশক পর কায়রোতে তার আগমনের সময় আবেগঘন দৃশ্য দেখা যায়। এদিন তিনি তার বোনকে জড়িয়ে ধরেন এবং নাবলুসে তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন।
ইসরায়েল খন্দকজিকে হাইফায় "কারমেল মার্কেট অপারেশন"-এ অংশগ্রহণের জন্য অভিযুক্ত করে। ২০০৪ সালের নভেম্বরে এই ঘটনায় তিন ইসরায়েলি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়। তেল আবিব ফাতাহ সেলকে এর জন্য দায়ী করে। খন্দকজি এই সেলের সদস্য ছিলেন বলে ধারণা করা হয়। এ কারণেই পরে তাকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হয়।
২০০৫ সালে ইসরায়েলের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১১.৬ মিলিয়ন ডলার জরিমানা প্রদানের নির্দেশ দেয়। এরপর তিনি বিশ বছরেরও বেশি সময় বিভিন্ন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন।
তার সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-উপন্যাস: "এ মাস্ক দ্য কালার অব দ্য স্কাই "(গত বছর কথাসাহিত্যের জন্য আরবি বুকার পুরস্কার জিতেছে), "নকিং অন দ্য ওয়াল অব দ্য প্লেস" এবং "ব্রেথস অব আ নাইট পোয়েম" এবং "ড্রাফ্টস অব আ লাভার অব আ হোমল্যান্ড"।
তার লেখনি ফিলিস্তিনের চলমান সংকটে সাংস্কৃতিক প্রতিরোধের একটি রূপ তৈরি করেছে যা ফিলিস্তিনি এবং আরব তরুণ প্রজন্মকে মারত্মক অনুপ্রাণিত করেছে।
২০১৭ সালে রামাল্লায় আরবি উপন্যাসের জন্য প্রথম প্যালেস্টাইন ফোরামে তার উপন্যাস "নার্সিসাস অব আইসোলেশন" প্রকাশিত হয়। এসময় তার মা এবং ভাই তার পক্ষে বইটিতে স্বাক্ষর করেন।
তিনি জানিয়েছেন, আটক থাকাকালীন ফিলিস্তিনি সাংস্কৃতিক সংগ্রামের প্রতীক হয়ে ওঠা একজন ঔপন্যাসিক এবং বুদ্ধিজীবী হিসেবে তিনি পরবাস থেকেই তার সাংস্কৃতিক এবং মিডিয়া কার্যক্রম চালিয়ে যাবেন। আগামী সময়ে খন্দকজি আরব সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃশ্যপটে একজন বিশিষ্ট কণ্ঠস্বর হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
সুলতানা দিনা/