নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার সম্প্রসারিত মন্ত্রিসভায় দুই তরুণকে অন্তর্ভুক্ত করেছেন।এই দুই তরুণ হচ্ছেন ২৮ বছর বয়সী বাবলু গুপ্তা, তাকে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং আরেকজন চিকিৎসক সুধা শর্মা, তাকে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী করা হয়েছে। এএফপির খবর।
সরকারি কর্মকর্তারা জানান, রবিবার (২৬ অক্টোবর) নতুন দুই মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওডেল।
তরুণ এই মন্ত্রীদের মধ্যে বাবলু গুপ্তা হান্ড্রেডস গ্রুপ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। এটি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে। অপরদিকে সুধা শর্মা মাতৃ ও শিশুস্বাস্থ্য নীতিতে নেতৃত্বের জন্য পরিচিত একজন চিকিৎসক ও লেখক।
দুজনই গত মাসে বিক্ষোভ চলাকালে তরুণদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সমন্বয়ক রাম রাওয়াল জানান, কার্কি আরও দুইজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। তবে তরুণদের সংগঠনগুলোর সঙ্গে পরামর্শের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের একটি সূত্র জানায়, তরুণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষ না হওয়ায় মন্ত্রিসভা সম্প্রসারণ এখনও অসম্পূর্ণ।
চলতি বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই পুরো নেপালে ছড়িয়ে পড়ে। দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ তরুণদের এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়। সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন এবং সংসদ ভবন, আদালত ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ঘটে।
এমন পরিস্থিতিতে ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গত মাসে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবেন। তার নেতৃত্বে নেপাল আগামী ৫ মার্চের নির্বাচনের দিকে এগোচ্ছে।
সুলতানা দিনা/