ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির যেকোনো সম্প্রসারণ একটি হুমকি আর সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। ট্রাম্প আর নেতানিয়াহু আগামী ২৯ ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের মার এ লাগো এস্টেটে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ক্রমাগতভাবে উদ্বিগ্ন হয়ে উঠছেন যে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন সম্প্রসারণ করছে, যা চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবার আঘাত হানার জন্য বিকল্পগুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন। এ পরিকল্পনার বিষয়ে সরাসরি জ্ঞাত এক ব্যক্তি এবং অবহিত চার সাবেক মার্কিন কর্মকর্তা এনবিসিকে বিষয়টিকে জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুনর্গঠন করছে, এই নিয়েও ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে আছেন। জুনে এই পারমাণবিক কেন্দ্রগুলোতে বাংকার ব্লাস্টার বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
সূত্রগুলো এবিসিকে জানিয়েছে, ওই বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পকে তাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরবেন। জানাবেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ একটি হুমকি এবং এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হতে পারে।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির এ সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য না, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা মার্কিন স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ট্রাম্পকে বোঝাবেন নেতানিয়াহু। আর সে ক্ষেত্রে নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নিতে পারে অথবা সহযোগিতা দিতে পারে, এমন প্রস্তাব তুলে ধরতে পারেন বলে সূত্রগুলো জানিয়েছে। তবে রয়টার্স তার এই প্রতিবেদনের তথ্যগুলো যাচাই করতে পারেনি।