রাশিয়া থেকে অত্যাধুনিক ‘সু-৫৭’ (Su-57) স্টেলথ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আলজেরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
আলজেরিয়ার মস্কো-নির্ভর সামরিক নীতির কারণে ওয়াশিংটন এবং আলজিয়ার্সের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের প্রধান রবার্ট পাল্লাডিনো এই সতর্কবার্তা দেন।
তিনি জানান, রাশিয়া থেকে উন্নত মানের সামরিক সরঞ্জাম কেনার খবরটি ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ। এই চুক্তি কার্যকর হলে ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাঙ্কশনস অ্যাক্ট বা কাটসা (CAATSA) আইনের আওতায় আলজেরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।
পাল্লাডিনো বলেন, ‘‘আমরা আলজেরিয়ার সরকারের সঙ্গে বিভিন্ন অভিন্ন ইস্যুতে কাজ করছি। তবে অনেক বিষয়ে আমাদের গুরুতর মতপার্থক্যও রয়েছে। এই অস্ত্র চুক্তিটি যুক্তরাষ্ট্রের কাছে একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।’’
তিনি আরও জানান যে, এই ধরনের লেনদেন ঠেকাতে বর্তমানে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন।
২০২৫ সালে আলজেরিয়া নিশ্চিত করেছিল যে তারা রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে। এর মাধ্যমে আলজেরিয়া হতে যাচ্ছে সু-৫৭ বিমানের প্রথম কোনো বিদেশি ক্রেতা।
রুশ সংস্থা রোসটেকের (Rostec) অভ্যন্তরীণ নথি অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে এই বিমান সরবরাহের কথা রয়েছে এবং ইতিমধ্যে আলজেরিয়ার পাইলটরা রাশিয়ায় প্রশিক্ষণ শুরু করেছেন।
তাছাড়া সু-৫৭ যুদ্ধবিমানের পাশাপাশি রাশিয়ার অত্যাধুনিক ৪.৫ প্রজন্মের সু-৩৫ মাল্টিরোল যুদ্ধবিমান ও সু-৩৪ হেভি গ্রাউন্ড এটাক যুদ্ধবিমানও ক্রয় করেছে আলজেরিয়া। যেগুলোর প্রথম চালান আলজেরিয়া গ্রহণ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়।
মাহফুজ/