লেবাননে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (২ মার্চ) লেবাননের জাতীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি বিমান হামলাগুলি বৈরুতের দক্ষিণ শহরতলিতে এবং দক্ষিণ লেবাননে আঘাত হানে। রাজধানীর শহরতলিতে ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন, আর দেশটির দক্ষিণে ১১ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননের বেশ কয়েকটি এলাকায় অস্ত্রের গুদামসহ হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর অতিরিক্ত লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
গতকাল রবিবার ইসরায়েলি হামলার পর থেকে লেবাননের রাজধানী বৈরুত থেকে বাসিন্দারা পালিয়ে যাচ্ছেন।
রবিবার ইসরায়েলি সেনাবাহিনী বিনতে জবেইল শহর-সহ দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রামের মানুষকে তাদের বাড়িঘর খালি করে ভবনগুলো থেকে কমপক্ষে ১ কিলোমিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে।
এর আগে দক্ষিণ লেবাননের তিনটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। হারিস, নাবাতিহ আল-ফাওকা এবং মেফদুন শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।
উত্তর ইসরায়েলে রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর ওপর হামলা চালানোর ঘোষণার পর এই হামলা হয়। -আল-জাজিরা