উপসাগরীয় দেশগুলোতে হামলার পর বিশ্বের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’ তাদের উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর পরপরই ইউরোপের পাইকারি বাজারে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
আইসিই ডাটা অনুযায়ী, ইউরোপের বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ডাচ টিটিএফ হাবে সোমবার দুপুরের দিকে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম ১৪.৫৬ ইউরো বেড়ে ৪৬.৫২ ইউরোতে পৌঁছেছে। দিনের শুরুতে দাম ২৫ শতাংশ বাড়লেও কাতার এনার্জির উৎপাদন বন্ধের খবরের পর তা আরও লাফিয়ে বাড়ে।
কেবল ইউরোপ নয়, এশিয়ার বাজারেও এর বড় প্রভাব পড়েছে। সোমবার সকালে এশিয়ান বেঞ্চমার্ক জেকিএম-এ এলএনজি গ্যাসের দাম প্রায় ৩৯ শতাংশ বৃদ্ধি পায়।
আইএনজি-এর কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেছেন, “যদি এলএনজি বাজারে কাতারের এই সরবরাহ ঘাটতি দীর্ঘস্থায়ী হয়, তবে ইউরোপের বাজারে গ্যাসের দাম প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৮০ থেকে ১০০ ইউরো পর্যন্ত উঠে যেতে পারে।” এদিকে ব্রিটিশ বাজারেও এপ্রিলের চুক্তিতে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। সূত্র: আল জাজিরা
মাহফুজ/