ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিবিরোধী বৃহত্তর ঐক্যের আহ্বানে কার্যত ‘নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দিল সিপিআইএম।
শনিবার (৯ মে) বিকেলে তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রস্তাবের পরেই সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ভূমিকা রয়েছে। পাশাপাশি, বিজেপির বিরোধিতা প্রশ্নে মমতার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সুজন চক্রবর্তী বলেন, ‘বিজেপি একটি ভয়ংকর ও ফ্যাসিবাদী শক্তি- এ কথা মানুষ ক্রমশ বুঝতে পারছেন। বাংলার সভ্যতা ও সংস্কৃতি রক্ষার স্বার্থে বিজেপিকে রুখতেই হবে। বামপন্থি শক্তি মানুষকে সঙ্গে নিয়েই সেই লড়াই করবে।’
তবে একইসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই বিশ্বাসযোগ্যতা আছে? ওর কথায় সবাই আসবেন কেন? ওর গোটা বাহিনীই তো এখন বিজেপিতে চলে গিয়েছে।’
শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জোটের কথা না বললেও বিজেপিবিরোধী সব শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভয় না পেয়ে বাংলার সব রাজনৈতিক বিরোধী দলকে আবেদন জানাচ্ছি- যদি মনে হয় এই আবেদন গ্রহণযোগ্য, তাহলে গ্রহণ করবেন। না হলে করবেন না, সেটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধা নেই।’
বাম দলগুলোকেও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি বলেন লেফটিস্ট, তাতেও আমার কোনও ইগো নেই। আজকের পরিস্থিতিতে বিজেপিকে রুখতে হলে লেফট, আল্ট্রা-লেফট, সবাইকে একসঙ্গে আসতে হবে। তৃণমূল কংগ্রেস কথা দিচ্ছে, যার যতটুকু শক্তি আছে, সবাইকে নিয়েই লড়াই করা হবে। দিল্লির মতো বাংলাতেও আমরা একসঙ্গে লড়তে চাই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস
অমিয়/