উইন্ডশিল্ডে ফাটলের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১২৭ ফ্লাইট। সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। এর আগে বিমানটি নরসিংদী ও ফরিদপুরে আকাশে ২৬-২৭টি চক্কর দেয়। এতে স্থানীয়রা অতঙ্কিত হয়ে পড়েন।
বিমানবন্দর সূত্র জানায়, বিজি ১২৭ ফ্লাইট রাত ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে উড়াল দেয়। এর কিছুক্ষণ পর বিমানের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেয়। এরপর পাইলটরা বিমানটি আবুধাবি না নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটি প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে নরসিংদী ও ফরিদপুরের আকাশে ২৬-২৭টি চক্কর দেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ৯৯৯-এ ফোন করে এর কারণ জানতে চান।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্যমতে, রাত ১টা ২০ মিনিটে নিরাপদে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ফ্লাইটটির টেকনিক্যাল ত্রুটি হয়েছিল। পরে এটি নিরাপদে অবতরণ করেছে। তবে এটি ছিল টেকনিক্যাল ল্যান্ডিং। ইমার্জেন্সি লান্ডিং নয়।
তিথি/এমএ/