চট্টগ্রামের চান্দগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় ২৭০ জনের নাম উল্লেখ ও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) মহানগরের চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফজলে রাব্বির বাবা ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বাসিন্দা মো. সেলিম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বাদী মো. সেলিম।
এ মামলায় আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চসিক মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, এম এ ছালাম, এস এম আল মামুন, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি খোরশেদ আলম সুজন, আওয়ামী লীগ নেতা মশিউর, হেলাল আকবর বাবর। এ ছাড়াও মামলায় চসিকের প্রায় সব ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের আসামি করা হয়েছে। মামলায় আরও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে নগর পুলিশের মুখপাত্র কাজী তারেক আজিজ খবরের কাগজকে বলেন, ‘শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ২৭০ জনের নামে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট নগরের বহদ্দারহাটের কাঁচাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলে রাব্বি। আসামিদের নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হামলা করা হয়। এতে গুলিতে মারা যান ফজলে রাব্বি।’
প্রসঙ্গত, এর আগে আসামিদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় দুটি মামলা হয়। নিহত দুইজনের পরিবার ওই মামলা দুটি করে।
সালমান/