সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহল দলের ওপর গতকাল রবিবার (২৫ আগস্ট) রাতে আনসার সদস্যদের হামলায় ছয় সেনাসদস্য আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সচিবালয় এলাকায় সার্বিক নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছে সেনাবাহিনী।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। এ দুই শিক্ষার্থী হলেন মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেন। গতকাল তাদের অস্ত্রোপচার করা হয়।
সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো তিনটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার বিভিন্ন সময়ে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করেন। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক, আনসার ও ভিডিপি সচিবালয়ে আসেন এবং আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এর পরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখেন এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালান এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও তাদের লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় ছয়জন সেনাসদস্য আহত হন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনাসদস্যরা বারবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সঙ্গে নিবৃত্ত করার চেষ্টা করেন। উত্তেজিত আনসাররা নিবৃত্ত না হলে আকাশের দিকে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর অন্তর্বর্তী সরকারের অবরুদ্ধ সাত উপদেষ্টা, ডিজি আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সব কর্মকর্তা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন।
মোতায়েনরত সেনাসদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছুসংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেন এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনাসদস্যরা সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সব গেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।
এ ঘটনার পর সেনাসদস্যরা সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সব গেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) অস্ত্রোপচার করা হয় ঢাকা সিএমএইচে। গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবিদ্ধ হয় মো. রাফি হোসেন। এতে তার ডান কাঁধের হাড় ও ধমনি ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে তার অপারেশন করা হয়। পরে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকদের আলোচনার ভিত্তিতে তাকে ২৫ আগস্ট সিএমএইচে আনা হয়। পরে দীর্ঘ ৬ ঘণ্টা সময় ধরে সিএমএইচের ভাসকুলার টিম সফলভাবে কৃত্রিম রক্তনালি সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচার করে। বর্তমানে মো. রাফি হোসেন আশঙ্কামুক্ত।
আইএসপিআর জানায়, মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেনও (২৩) গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। গুলিটি তার মেরুদণ্ডের পেছনে আটকে যায়। পরে ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কোপির মাধ্যমে গত রবিবার অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মো. মমিন হোসেনও সুস্থ আছেন।