মব জাস্টিস (উচ্ছৃঙ্খল জনতার বিচার) অন্তর্বর্তী সরকার সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একপক্ষ বর্তমান সরকারকে বিব্রত করতে চায়। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে এসে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় ও বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। জনগণের জানমালের রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার প্রেতাত্মারা এখনো অনেক ক্ষেত্রে সক্রিয়। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, দেশের জনগণ যাতে কোনো অবস্থায় কষ্ট না করে। সব সমস্যার সমাধানে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।’
পরে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব আলাওল কবির, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, মেজর নাফিস, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন/ইসরাত চৈতী/অমিয়/