দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কারামুক্ত হন।
এর আগে দুপুরের দিকে তার জামিন সংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহমুদুর রহমানকে গত রবিবার এই কারাগারে আনা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।
জানা গেছে, মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল করা হলে আদালত আপিল গ্রহণ করেন। এরপর তার আইনজীবী জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার কারামুক্তির খবর পেয়ে মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুসহ বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী কাশিমপুর কারাগারের সামনে উপস্থিত ছিলেন।
পলাশ প্রধান/অমিয়/