চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ৪৯৩টি সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৯৭৮ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর মাসে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৪ জন আহত হন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৯ জন নিহত, ৫৬ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে মোট ৫৪৭টি দুর্ঘটনায় ৫৫৪ জন নিহত এবং ১০৩৮ জন আহত হয়েছেন। এই সময়ে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৫ জন নিহত, ১৪৯ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৯৪ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ১৫ শতাংশ ও আহতের ১৫ দশমিক ২৩ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। ১১৬টি সড়ক দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছেন, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১০৯ জন চালক, ৮৭ জন পথচারী, ৪৯ জন পরিবহন শ্রমিক, ৫১ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক, ৬৮ জন নারী, ৫৬ জন শিশু, ২ জন চিকিৎসক, এবং ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছেন- ৪ পুলিশসদস্য, ২ সেনাসদস্য, ১ আনসারসদস্য, বিভিন্ন পরিবহনের চালক ৯৪ জন, পথচারী ৮৬, নারী ৫২, শিশু ৪১, শিক্ষার্থী ৪২, পরিবহন শ্রমিক ১২, শিক্ষক ১২, চিকিৎসক ২ এবং ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী।
জানা গেছে, এসব দুর্ঘটনায় ৭৯২টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৭ দশমিক ৫২ শতাংশ মোটরসাইকেল, ২১ দশমিক ৭১ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৩ দশমিক ২৫ শতাংশ বাস, ১৫ দশমিক ১৫ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭ দশমিক ৪৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৭ দশমিক ৩২ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৭ দশমিক ৫৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সংঘটিত মোট দুর্ঘটনার ৪৮ দশমিক ৭ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৭ দশমিক ৯৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮ দশমিক ৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫ দশমিক ৭ শতাংশ বিবিধ কারণে, দশমিক ২০ শতাংশ ট্রেন-যানবাহনে সংঘর্ষ এবং চাকায় ওড়না পেঁচিয়ে দশমিক ২০ শতাংশ।
যাত্রী কল্যাণ সমিতি আরও জানায়, দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে মোট দুর্ঘটনার ৪৫ দশমিক ২৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২২ দশমিক ৭১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৬ দশমিক ৩৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়া সারা দেশে সংঘটিত দুর্ঘটনার ৩ দশমিক ৬৫ শতাংশ ঢাকা মহানগরীতে ও ১ দশমিক ৪১ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে দশমিক ৬০ শতাংশ লেভেলক্রসিংয়ে হয়েছে।