চলতি বছরের গত ১০ মাসে বিভিন্ন প্রকারের নির্যাতনে ৪৮২ শিশুর মৃত্যু হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শারীরিক নির্যাতনে মৃত্যু, সহিংসতায় মৃত্যু, ধর্ষণের পরে হত্যা, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, অপহরণ ও নিখোঁজের পর হত্যা। এ ছাড়া এই সময়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে ৫৮০ জন শিশু।
মঙ্গলবার (১৯ নভেম্বর) চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত ‘শিশু অধিকার রক্ষায় অগ্রগতি: প্রত্যাশা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে এক সংলাপে এসব তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
কোয়ালিশনটি শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জোট হিসেবে বাংলাদেশে শিশু অধিকারের প্রচার ও সুরক্ষা নিয়ে কাজ করছে। আসকের পরিসংখ্যান ও পর্যালোচনার প্রেক্ষিতে কোয়ালিশন শিশু অধিকার রক্ষায় ২০টি সুপারিশ করেছে সরকারের কাছে।
আইন ও সালিশ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শান্তা ইসলাম লিখিত বক্তব্যে বলেন, এ বছরের প্রথম ১০ মাসে ধর্ষণের শিকার হয় ২১৭ জন শিশু। ১৫ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ধর্ষণ চেষ্টার শিকার ৬১ জন ও যৌন হয়রানির শিকার হয় ৩৪ জন শিশু। এদের মধ্যে শিক্ষক দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে ৮৫ জন এবং বলাৎকারের শিকার হয়েছে ৩২ ছেলে শিশু।
এতে আরও বলা হয়, জুলাই-আগস্ট মাসে আসকের প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২১ জন শিশু মারা যায়।
তিথি/এমএ/