বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সাভারের মহাসড়ক অবরোধ করেছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা।
এ সময় ইপিজেডের শ্রমিকদেরও ভেতরে প্রবেশে বাধা দেন তারা।
বুধবার (২৭ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান তারা।
শ্রমিকরা জানান, প্রায় চার বছর আগে ২০২১ সালে কোভিড১৯-এর সময় বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬ (১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেই, দিচ্ছি করে প্রায় চার বছর ধরে শ্রমিকদের সঙ্গে টালবাহানা করে যাচ্ছে কতৃপক্ষ।
সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভোগে শ্রমিকরা। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিক আয়শা আক্তার বলেন, ‘আমরা বেপজা কর্তৃপক্ষকে তিনটি দাবি দিয়েছিলাম। কিন্তু এসব দাবি মানা হচ্ছে না।’
এ ব্যাপারে শিল্পপুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।’
ইমতিয়াজ/সাদিয়া নাহার/