রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত মো. ফেরদৌস রহমানকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে।
মো. ফেরদৌস রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মো. মজিবর রহমানের ছেলে। প্রাথমিকভাবে তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মতিহার থানায় মামলা করেছিল। পরে মামলাটি সাইবার ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। এর প্রেক্ষিতে আমাদের সাইবার ক্রাইম ইউনিট ফেরদৌস রহমান নামে এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
গত ১২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদ থেকে পোড়ানো কোরআন শরিফ উদ্ধার করা হয়। এ ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
সুমন/মেহেদী/