শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষক সোবহানকে আটক করে পুলিশে দেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
শিক্ষক গ্রেপ্তারের খবরে থানায় যান শিক্ষার্থীরা। সেখানে তার নানা অপকর্মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত শাস্তির দাবি জানান তারা। তাকে ছেড়ে দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
অভিযোগ রয়েছে, ২৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন শিক্ষক সোবহান।
এদিকে সোবহানকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে শিক্ষক পাভেল, মারুফসহ ছয়জন।
সোবহান শরীফ গত ৮ মাস ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের ম্যাসেজে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শিক্ষার্থীরা বলেন, ‘তিনি শিক্ষক নন বরং শিক্ষক নামের কলঙ্ক, আমাদের সেমিস্টার ফি থেকে শুরু করে সব জায়াগায় তার ধান্দা ছিল। ছাত্রলীগ না করলে হলে থাকতে পারতেন না শিক্ষার্থীরা। এমনকি ড্রেস সেলাই করতেও কমিশন দিতে হতো তাকে। বোর্ড চ্যালেঞ্জের টাকা আত্মসাৎ, রেড ক্রিসেন্টের টাকা আত্মসাৎ এবং রাতে মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা অভিযোগ রয়েছে শিক্ষক সোবহানের বিরুদ্ধে।’
রফিকুল/পপি/