নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটোপাস করা প্রার্থীরা লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন।
রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারা এ বিক্ষোভ করেন।
এর আগেও তারা বিভিন্ন সময়ে একই দাবিতে বিক্ষোভ করেছেন।
নিজেকে চাকরিপ্রার্থী দাবি করে মো. মিজানুর রহমান নামে এক বিক্ষোভকারী জানান, তিনি কুমিল্লা থেকে এসে কর্মসূচিতে যোগ দিয়েছেন।
তবে তার রোল নম্বর জানতে চাইলে বলেন, ‘রোল নম্বর জানি না। কমিশন চাইলে জবাব দেব।’
সিরাজগঞ্জ থেকে আসা কামরুজ্জামান বলেন, ‘আমরা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু অজানা কারণে আমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। অথচ আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। তাই বিক্ষোভে অংশ নিয়েছি।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা চাকরিপ্রার্থী আব্দুর রাকিব বলেন, ‘আমাদের ২০১৯ সালের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন না করে নতুন নিয়োগের কথা ভাবছে কমিশন। তাই আমরা এই বিক্ষোভ করছি। আমরা এর আগে স্মারকলিপিও জমা দিয়েছি। কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
২০১৯ সালের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দুই বার স্থগিত করা হয়।
শূন্যপদের বিপরীতে পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব জানান, যেসব পদ ফাঁকা রয়েছে সেগুলো পূরণের কার্যক্রম চলছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে’।
বিক্ষোভকারীরা জানান, ২০১৯ সালে সার্কুলার হলেও প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করে ২০২৪ সালের ২৮ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা না দিয়েও ইসির ৭৪১ জনকে উত্তীর্ণ করা হয়। এ ছাড়া নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে গত ৯ এপ্রিল নিয়োগ দেওয়া হয় ৫৫ জন।
এলিস/মেহেদী/অমিয়/