আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট চালানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রবিবার (১৮ মে) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফটের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতার কারণে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব যাত্রী ইতোমধ্যে ১ জুলাইয়ের পরের তারিখের টিকিট কেটেছেন, তারা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। এ জন্য বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার বা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান। তবে দেড় বছরের মাথায় এই রুটে আবারও ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে।
এর আগে, ১৯৮১ সালে বিমান প্রথমবারের মতো ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করে, যা ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। এছাড়া ১৯৭৯ সালে চালু হওয়া ঢাকা-টোকিও রুটও কিছুদিন পর বন্ধ হয়ে যায়।
তিথি/সিফাত/