এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জনের হজ করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। তবে তাদের মধ্যে এখনো সৌদির ভিসা হয়নি ২০৮ জনের।
বৃহস্পতিবার (২২ মে) সকালে হজ অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত সৌদির ভিসা পেয়েছেন মোট ৮৬ হাজার ৮৯২ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ৭৮ এবং বেসরকারি ব্যবস্থাপনার ৮১ হাজার ৮১৪ জন ভিসা পেয়েছেন। এখনো ভিসা হয়নি ২০৮ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে গেছেন ২৬ হাজার ২৮৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ১১৫ এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬৩০ জনসহ মোট ১৩৭টি ফ্লাইটে সৌদি গেছেন ৫৩ হাজার ৩৩ হজযাত্রী। এ ছাড়া সৌদি যাওয়ার অপেক্ষায় আছেন আরও ৩৪ হাজার ৬৭ জন।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। হজযাত্রীদের নিয়ে গত ২৯ এপ্রিল সৌদি আরবে যায় হজের প্রথম ফ্লাইট। শেষ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে ৩১ মে। আর হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।