বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। এর মধ্যে তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট ও একটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। সবগুলো ফ্লাইট ঢাকায় যাওয়ার কথা ছিল। আবহাওয়া অনুকূলে আসলে এবং কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা পেলে তখন ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাবে।
বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট সরাসরি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি শনিবার বিকেল ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অপরদিকে কক্সবাজার ছেড়ে আসা এয়ার এস্ট্রার একটি ফ্লাইট ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু এই ফ্লাইটটিও বিকেল ৪টা ৩২ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।
অপরদিকে রাজশাহী ছেড়ে আসা ইউএস বাংলার ফ্লাইট বিএস-১৬৪ রাজশাহী থেকে ঢাকায় কথা ছিল। কিন্তু শনিবার বিকাল ৪টা ৪৭ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে নামে। সবশেষ ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে আসা ইউএস বাংলার আরেকটি ফ্লাইট বিএস-১৮৮ বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানতে জরুরি অবতরণ করে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৭ নামে একটি ফ্লাইট গত বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত যায়। পরে ফ্লাইটটি শুক্রবার (৩০ মে) ভোর ৪টা ১৬ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে অবতরণ করে। আবহাওয়ার কিছুটা উন্নতি হলে শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।
মেহেদী/