সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (এসইএ)-সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, ‘সুন্দরবন আমাদের একটাই। সবাই মিলে সুন্দরবনকে বাঁচাতে হবে।’
কনক্রিট অ্যাকশন প্ল্যান তৈরির পাশাপাশি একটি কার্যকর সমন্বয় কাঠামো (কো-অর্ডিনেশন মেকানিজম) গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সুন্দরবনের কোনো ঝুঁকি চিহ্নিত হলে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর তা দ্রুত উত্থাপন করবে, যা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেবে।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট কারখানাগুলোর পরিবেশগত প্রভাব মনিটরিং করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এর বাইরে জরুরি ভিত্তিতে কী কী কাজ করা যায়, তা নির্ধারণের জন্য মন্ত্রণালয়কে একটি সুস্পষ্ট ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে।’
সুন্দরবন সংরক্ষণে ‘বটম-আপ প্রসেস’ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগের দক্ষতা বাড়াতে হবে।’