রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
খিলক্ষেতে কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ওই নারী। ওই সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই নারী রাস্তায় ছিটকে পড়েন। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা যুবক সুমন বলেন, ‘মোটরসাইকেলটিকে বাস ধাক্কা দিলে ওই নারী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার পর মোটরসাইকেলের চালক বাইক নিয়ে পালিয়ে যান। আমি আহত নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুল হাসিব জানান, সকালে কাওলা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি দুর্ঘটনা ঘটে। জানতে পারি একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।