বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বই প্রকাশ করে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ ও ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে গোপন অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দুদকের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য মাঠে নেমেছেন।
রবিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
জানা গেছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা আলোচিত একটি বই ছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। ওই বইটি বঙ্গবন্ধু নয় বরং সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল লিখেছে বলে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই বইটি লেখা ও প্রকাশ করার বিনিময়ে জাবেদ পাটোয়ারী ও তার দলের সদস্যরা প্রত্যেকেই সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাট বাগিয়ে নেন।
রবিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহে কমিশনের অনুমতি সাপেক্ষে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে। গোপন অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হতে পারে।’
২০১২ সালে বইটি প্রকাশের পর বইটির সম্পাদক ও প্রকাশকরা জানিয়েছিলেন, অসমাপ্ত আত্মজীবনীতে ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলি। বঙ্গবন্ধু ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন। এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন দেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিকদের একটি দল।