হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৬৬০ গ্রাম কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা কোকেনের দাম প্রায় ১৩০ কোটি টাকা।
গতকাল সোমবার রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ক্যারেন পেটুলা স্টাফল নামে এক নারী যাত্রীর লাগেজ থেকে তিনটি প্লাস্টিকের জারের ভেতর থেকে ওই কোকেন জব্দ করা হয়।
ক্যারেন পেটুলা স্টাফল আফ্রিকার দেশ গায়ানার নাগরিক।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক সোনিয়া আক্তার জানান, দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) সোমবার রাত আড়াইটার দিকে শাহজালালে নামেন ওই যাত্রী। এই ফ্লাইটে মাদকের একটি চালান আসার গোয়েন্দা তথ্য পাওয়ায় শুল্ক গোয়েন্দারা আগে থেকেই সতর্ক অবস্থান নেন। পরে উড়োজাহাজটি ৬ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে ওই যাত্রীর আসন নম্বর ৩০-এ গিয়ে ক্যারেন পেটুলা স্টাফলর পরিচয় নিশ্চিত করা হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই যাত্রীর লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো ছিল এই কোকেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট প্রাথমিক পরীক্ষায় কোকেনের বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
অমিয়/