শারদীয় দুর্গাপূজায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম টানা পাঁচ দিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে। পণ্য খালাস করে ভারতীয় ট্রাক ফিরে যেতে পারবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
নজরুল ইসলাম/মৌসুমী/