বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি চুক্তি নং ১ এর অধীনে দ্বিতীয় জাহাজ এমভি স্পার অরিজ (MV SPAR ARIES) যুক্তরাষ্ট্রের করপাস ক্রিস্টি বন্দর থেকে ৬০,৮০২ মেট্রিক টন গম নিয়ে সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টায় কুতুবদিয়া নোঙর করেছে। এই চুক্তির মাধ্যমে মোট চারটি জাহাজে প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করা হবে।
যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো গম আমদানি শুরু হয়েছিল শনিবার (২৫ অক্টোবর), যখন ৫৬,৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নোর্স স্ট্রাইড’ নামের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। এবার দ্বিতীয় জাহাজ স্পার অরিজ এসেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি চুক্তি নং ১ এর অধীনে দ্বিতীয় জাহাজ স্পার অরিজ ৬০,৮০২ মেট্রিক টন গম নিয়ে আজ সকালে কুতুবদিয়ায় নোঙর করেছে।’
জাহাজের বাংলাদেশের লোকাল এজেন্ট, চট্টগ্রামের সেভেন সিস শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আকবর বলেন, ‘সকালে নোঙর করার পর জাহাজের গমের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে খালাস শুরু হবে। জাহাজটির ৬০ শতাংশ গম কুতুবদিয়ায় এবং চট্টগ্রাম বহির্নোঙরে খালাস করা হবে, বাকী ৪০ শতাংশ গম মংলা বন্দরে পাঠানো হবে।’
এর আগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এই কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি ২৫ অক্টোবর তথ্য বিবরণীতে জানানো হয়েছিল। চুক্তি একের আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যে ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। এর আগে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক গড়ে ১৫ শতাংশ ছিল, যা নতুনভাবে ৩৫ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
শুল্ক এড়াতে এবং আমদানিকে উৎসাহিত করতে, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে গমসহ কৃষিপণ্য আমদানিতে উদ্যোগ গ্রহণ করেছে। জুলাই মাসে দেশটি থেকে বছরে পর্যায়ক্রমে ৭ লাখ টন গম আমদানি করার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে এই সমঝোতা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনসহ কৃষিপণ্য আমদানির পরিকল্পনার অংশ হিসেবে এই গম আমদানিও হচ্ছে। আগামী পাঁচ বছরে প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন উচ্চমানের গম আমদানি করার বিষয়ে সমঝোতা হয়েছে। বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হোয়েট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফকে সাওয়ার সমঝোতায় স্বাক্ষর করেন।
রিফাত/