সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ২১ নভেম্বর থেকে ভর্তির আবেদন করা যাবে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সেই সঙ্গে ডিজিটাল লটারির সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এর আগে এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নান সভায় সভাপতিত্ব করেন।
অধ্যাপক খান মইনুদ্দিন বলেন, ‘ভর্তি প্রক্রিয়ায় এবারও কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।’
তিনি বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে।’
তিনি জানান, লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে। এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মতো দুটি অপেক্ষমাণ তালিকা থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
এদিকে ঢাকা মহানগর ভর্তি কমিটি প্রস্তুতি শুরু করলেও এখনো ভর্তির নীতিমালা জারি করেনি শিক্ষা মন্ত্রণালয়।