ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন এলাকা থেকে অবৈধ ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয় ডিএনসিসি।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) ‘ব্যয়বহুল ব্যানার–পোস্টার–বিলবোর্ড: তফসিলের আগেই নিয়ম ভেঙে প্রচার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে খবরের কাগজ। গত ৩ নভেম্বর একই ধারাবাহিকতায় ‘দুর্ঘটনার নতুন কারণ: পোস্টার সংস্কৃতি’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। যা সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়।
এরই অংশ হিসেবে উত্তর সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বিভিন্ন বাড়ি–ভবনের ছাদ ও দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে। সাত দিনের (আজ থেকে) মধ্যে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অবৈধ স্থাপন করেছেন, তাদের নিজ দায়িত্বে তা অপসারণের জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদ, জরিমানা এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাজু/রিফাত/