ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের রামু বৌদ্ধ বিহারে একদিন দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ ভালোবাসা ও শ্রদ্ধায় বাবা বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের আহ্বান বারভিডার আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন টিনএজ থেকে গ্লোবাল সুপারস্টার চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত আইওএস ২৭-এ আসছে নতুন ফিচার কেমন ছিল রাসুল (সা.)-এর প্রিয় পোশাক রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের ঢাকা ও বেইজিংয়ের মধ্যে চুক্তি হতে পারে ১৫-১৭টি : পররাষ্ট্র সচিব চট্টগ্রামে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় মাদরাসায় হামলা ও দেওয়ালে জয় বাংলা লেখার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’ অস্ট্রেলিয়ায় শনাক্ত হলো সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু

শিক্ষকদের কর্মবিরতিতে হযবরল প্রাথমিকে

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম
শিক্ষকদের কর্মবিরতিতে হযবরল প্রাথমিকে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন চলাকালে গতকাল ছবিটি সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: খবরের কাগজ

সরকারের কঠোর নির্দেশের তোয়াক্কা না করে তিন দফা দাবি আদায়ে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা পূর্ব ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাজধানীসহ দেশের জেলা পর্যায়ে অনেক বিদ্যালয়ের দরজায় তালা ঝুলছে, বন্ধ থাকছে বার্ষিক পরীক্ষা। তবে কোথাও কোথাও ক্ষুব্ধ অভিভাবকরা নিজেরাই বার্ষিক পরীক্ষা পরিচালনা করেছেন। কোথাও কোথাও ইউএনও, প্রধান শিক্ষক, অফিস সহকারী ও নৈশপ্রহরীদের সহায়তায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা নিতে গিয়ে পিরোজপুরসহ কয়েকটি স্থানে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে একাধিক শিক্ষককে শোকজও করা হয়েছে।

শিক্ষকদের কর্মবিরতিতে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় হযবরল অবস্থা তৈরি হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের আহ্বায়ক খায়রুন নাহার লিপি। ইতোমধ্যে এই শিক্ষককে শোকজ করা হয়েছে। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষকরা বাধ্য হয়ে শাটডাউনে যেতে বাধ্য হয়েছেন।’ শোকজ নোটিশ ও মন্ত্রণালয়ের সতর্কবার্তা সত্ত্বেও শিক্ষকদের আন্দোলনে ভাটা পড়েনি উল্লেখ করে তিনি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে, কর্মসূচি থেকে সরে আসার কোনো সুযোগ নেই।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তিতে- শিক্ষকরা পরীক্ষা না নিলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মন্ত্রণালয় জানায়, শিক্ষকদের গ্রেড-সংক্রান্ত ফাইল অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পে-কমিশনের রিপোর্ট পাওয়ার পর বেতন স্কেল উন্নীতকরণ নিয়ে সিদ্ধান্ত হবে। তবে শিক্ষক সংগঠনগুলোর দাবি, এসব প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু বাস্তবে কোনো ফল নেই।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- জাতীয় বেতন স্কেলে আপাতত ১১তম গ্রেড দেওয়া, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডপ্রাপ্তির জটিলতার নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়া। বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন (শুরুর মূল বেতন ১১ হাজার টাকা)। তিন দফা দাবি আদায়ে সহকারী শিক্ষকরা গত বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আনোয়ার উল্যাহ বলেন, ‘২২ দিন অপেক্ষার পরও কোনো বাস্তব অগ্রগতি না দেখে আমরা বাধ্য হয়েই শাটডাউনে গেছি। সরকারের কাছ থেকে দাবি বাস্তবায়নের স্পষ্ট সময়সীমা ছাড়া আন্দোলন স্থগিত করার প্রশ্নই ওঠে না।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে কর্মরত ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষকের বড় অংশই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে রয়েছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। দাবি আদায়ে এখন শিক্ষকদের কর্মবিরতি চলছে। 

এমন অচল অবস্থায় বিপাকে পড়েছেন দেশের কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা বলছেন, এমন পরিস্থিতিতে শিশুরা মানসিক চাপে পড়ছে। একদিকে প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা না দিতে পারা, অন্যদিকে আবার হঠাৎ করে অন্যের মাধ্যমে পরীক্ষা নেওয়া- সব মিলিয়ে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ছে।

গতকাল শেরপুর, রংপুর, ঝালকাঠি, মাগুরা, নেত্রকোনা, দিনাজপুরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সকালে পরীক্ষা দিতে এসে দেখেছে বিদ্যালয়ের দরজায় তালা। পরে তালা ভেঙে অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়। প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ও অভিভাবকদের সহায়তায় এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিছু এলাকায় পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রশাসন হস্তক্ষেপ করে তালা খুলে পরীক্ষা পরিচালনা করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

শেরপুর: শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল দাবি আদায়ে শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলিয়ে পরীক্ষা বর্জন করলেও শ্রীবরদী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষার কার্যক্রম চালু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

গতকাল বেলা ১১টার দিকে শ্রেণিকক্ষের তালা ভেঙে তিনি পরীক্ষা নেওয়া শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরন নবীসহ অনেকেই।

এ সময় অভিভাবক হালিম মিয়া বলেন, ‘হুটহাট করে শিক্ষকরা পরীক্ষা নেওয়া বন্ধ করবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। বার্ষিক পরীক্ষা দিতে না পেরে শিশুরা মানসিক চাপে পড়েছে।’
 
আরেক অভিভাবক ইসমাইল হোসেন বলেন, ‘আমি বলব এটা আন্দোলন না, এটা শিক্ষার্থীদের জিম্মি করা। সরকারকে কঠোর হতে হবে। কিছু হলেই আন্দোলন তা ঠিক না। এমন অবস্থা চলতে থাকলে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। পরীক্ষা বর্জন করে আন্দোলন করা, এটা কেমন আন্দোলন আপনারাই বলেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশ দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফিরতে বলেছে। একই সঙ্গে শাটডাউন বা কর্মবিরতি অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে আন্দোলন হচ্ছে, এ তথ্যের ভিত্তিতে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

রংপুর: একদিকে অফিস কক্ষে বসে সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে প্রতিটি শ্রেণিকক্ষে অভিভাবকরা ভাগ হয়ে নিজেদের সন্তানদের পরীক্ষা নিচ্ছেন। তাদের সহযোগিতা করছেন স্কুলের অফিস সহকারীরা। এমন চিত্র দেখা গেছে গতকাল রংপুর কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

একই চিত্র নগরের কেরানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমস্তারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ রংপুরের বিদ্যালয়গুলোতে।
 
অভিভাবকরা বলছেন, পরীক্ষার কক্ষে শিক্ষকদের অনুপস্থিতি মর্মাহত করেছে এবং হতাশা বাড়ছে। ওই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে এমন এক শিক্ষার্থীর মা স্বপ্না বেগম দাঁড়িয়ে পরীক্ষা নিচ্ছিলেন। তিনি বলেন, ‘প্রথম দিন থেকে শিক্ষকরা পরীক্ষা না নেওয়ায় আমরা অভিভাবকরা নিজেরাই এমন উদ্যোগ নিয়েছি। বাচ্চাদের সব ধরনের প্রস্তুতি শেষ এখন পরীক্ষা দেবে। এমন সময়ে এসে শিক্ষকদের এমন সিদ্ধান্ত অভিভাবক এবং শিক্ষার্থীদের বিপাকে ফেলেছে।’

আর এক অভিভাবক মাহমুদা আক্তার নিধি বলেন, ‘পরীক্ষা নেওয়া দরকার, কারণ বাচ্চারা এতদিন পড়াশোনা করেছে। বাচ্চাদের সময় নষ্ট হচ্ছে তাই আমরাই পরীক্ষা নিচ্ছি।

সুমি আক্তার বলেন, ‘ম্যাডামরা পরীক্ষা নিচ্ছেন না তাই বাধ্য হয়ে আমরা অভিভাবকরা নিচ্ছি।’
পঞ্চম শ্রেণি পড়ুয়া সিদরাতুল মুনতাহা বলে, ‘ম্যাডামরা না থাকায় অনেকে দেখাদেখি করে লিখছে। অভিভাবকদের কেউ ভয় করছে না। তাই আমাদের ম্যামদের দরকার ছিল।’

পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা শিক্ষকদের একজন আসমা বেগম বলেন, ‘নভেম্বর মাস থেকে তিন দাবি নিয়ে আন্দোলন চলছে। উচ্চতর গ্রেড বন্ধ হয়ে আছে- এটা প্রাণের দাবি। প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের অনেক ফারাক হয়ে গেছে, এটা অপমানজনক। আমরা সম্মানজনক গ্রেড পাচ্ছি না। সমাজে হেয়প্রতিপন্ন করা হয়। আমাদের মূল্যায়ন একেবারে কম। ওপর মহল থেকে আশ্বাস পেলে আমরা কাজ করব।’ 

প্রধান শিক্ষক সানজিদা সুলতানা বলেন, ‘প্রশ্ন থেকে শুরু করে সব হাতে পেয়েছি তাই বাচ্চাদের যাতে ক্ষতি না হয় অভিভাবকদের দিয়ে পরীক্ষা নেওয়াচ্ছি। তারা যদি তাদের কর্মবিরতি তুলে না নেন, তাহলে এভাবেই পরীক্ষা শেষ করব, যাতে বাচ্চাদের সুবিধা হয়।’

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের নেতৃত্বে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘আন্দোলন চললেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রথম বিবেচ্য। পরীক্ষা পেছালে তারাই ক্ষতিগ্রস্ত হতো। প্রশাসনের সহায়তায় আমরা পরীক্ষা পরিচালনা করেছি। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পরীক্ষা নেওয়ার খবর পেয়ে রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। তিনি বলেন, ‘শিশুদের শিক্ষাজীবন থেমে থাকা উচিত নয়। এখানে এসে দেখি শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছে। আলোচনার মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’ 

মাগুরা: মাগুরায় শিক্ষক আন্দোলনের প্রভাব পড়লেও জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করায় জেলায় ৫৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৯৪টিতে সফলভাবে গতকাল বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারদের নিবিড় তদারকি না থাকলে এত বিপুলসংখ্যক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হতো না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার আটটি বিদ্যালয়ে গতকাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি অংশ কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতি ও পরীক্ষা বর্জন করায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

দিনাজপুর: গতকাল জেলার ১ হাজার ৮৭০টি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়- শিক্ষার্থীরা যথারীতি পরীক্ষায় অংশ নিচ্ছে, শিক্ষকরা পরীক্ষা পরিচালনায় ব্যস্ত। যদিও আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে শাটডাউনের ঘোষণা ছিল, বাস্তবে অধিকাংশ বিদ্যালয়েই তা কার্যকর হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম শাজাহান সিদ্দিকী জানান, দিনাজপুরে সবকটি বিদ্যালয়ে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘পরীক্ষা বন্ধ রাখার কোনো কারণ নেই। আমরা স্পষ্ট নির্দেশ দিয়েছি- যদি কেউ পরীক্ষা গ্রহণে অনাগ্রহ দেখায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে দু-একটি বিদ্যালয়ে কিছু শিক্ষক পরীক্ষার কাজে অংশ নিতে অনীহা দেখান এবং কোথাও কোথাও বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার চেষ্টা করেন বলে জানা যায়। খবর পেয়ে প্রশাসন তাৎক্ষণিক হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরীক্ষা স্বাভাবিকভাবে চলতে থাকে।

নেত্রকোনা: জেলার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিজে পরিচালনা করেছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী। এ জন্য তিনি অভিভাবক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। প্রধান শিক্ষক বলেছেন, শিশুদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি এ পদক্ষেপ নেন।

তিনি বলেন, ‘সহকারী শিক্ষকদের আন্দোলন চলছে। তারা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এদিকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ হলে নতুন বর্ষের সিলেবাসে চালু করা কঠিন হবে। তা ছাড়া শিশুরা সন্তানের মতো, ওদের ভবিষ্যতের প্রতি নজর থাকা প্রয়োজন। এ ছাড়া ওপর থেকে কড়া নির্দেশও রয়েছে।’

তবে অভিভাবকদের একাংশ দাবি করেছেন, নামমাত্র পরীক্ষা হয়েছে। অনেক শিক্ষার্থী দেখে দেখে খাতায় লিখেছে। সহকারী শিক্ষকরা থাকলে যে পরিবেশে পরীক্ষা চলত তেমনটি হচ্ছে না। অন্যদিকে কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষককে ধন্যবাদ দিতে হয়। তিনি পরীক্ষা চালাতে গিয়ে একাই অক্লান্ত পরিশ্রম করছেন। তা না হলে পরীক্ষা বন্ধ থাকত।

রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

মায়ানমারের জান্তাবাহিনী রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তারা। তাদের জন্য আরও জমি বরাদ্দ চেয়েছে জাতিসংঘ। তবে বাংলাদেশ সরকার জাতিসংঘের এ আবেদন নাকচ করে দিয়েছে। 

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘে আহ্বান করেছে বাংলাদেশ।

শুক্রবার মায়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মায়ানমারে। তাই এর টেকসই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ মানবিক কারণে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বিপুলসংখ্যক এ শরণার্থীর দীর্ঘমেয়াদি উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী ও দেশের সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। তাই এখন এ সংকটের দ্রুত ও টেকসই সমাধান জরুরি।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীজনের কূটনৈতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের আগে থেকে অন্তত চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। ২০১৭ সালের ২৫ আগস্ট সেনাচৌকিতে জঙ্গি হামলাকে অজুহাত দেখিয়ে রাখাইনে রোহিঙ্গা নিধন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে।

থিওটোনিয়াস/

আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না তারা একটি মাফিয়া পার্টি। এ জন্যই তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বলে মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। দ্রুতই তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে।’ 

এ সময় তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধীদের নির্মূল করাসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, ‘মোহাম্মদপুর এলাকা অনেক বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে এবং এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।’

তিনি বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছেন যে তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে।

নাঈম/

বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:২৯ পিএম
বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদেরকে পুরস্কার প্রদান শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদ সংশ্লিষ্ট কাগজপত্রের বিষয়ে সংসদে যেদিন জানিয়েছি, তার পরের দিন বিকালে সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি, দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফিরিয়ে দেবে।’

গত ১২ জুন দুবাইয়ের একটি শপিং মল থেকে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। আইনানুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর সুযোগ থাকলেও সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত নথিপত্র পাঠানোর সিদ্ধান্ত নেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ২৩ জুনকে ঘিরে বলেন, ‘এলার্ট করা আমাদের কাজ। সন্দেহ করছি, ২৩ জুনকে (আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী) কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল অস্থিরতা, অস্থিতিশীলতা করতে চাইবে। পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেজন্য সারাদেশে এলার্ট করা হয়েছে। সেটিকে কোনো রাজনৈতিক দল মনে করি না, সেটি একটি মাফিয়া পার্টি।’

পুলিশকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই পুরস্কৃত করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্তব্যপালন করছে, তাদের স্বীকৃতি দিতে চাই। মানুষের মধ্যে ধারণা ছিল, পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে তড়িৎ গতিতে পুলিশ বাহিনী নৈতিক সাহস ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পর তারা অনেক বেশি সক্রিয় হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে; এটি লক্ষণীয়। এমন কৃতিত্বের জন্য তাদের সম্মান করা উচিৎ। সরকার তাদের উৎসাহ দিচ্ছে যেন বাকিরাও অনুপ্রাণিত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হয়।’

মোহাম্মদপরে চলমান অপরাধ সম্পর্কে তিনি বলেন, ‘মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেখানে রাতারাতি নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সেখানে অপরাধীদের নির্মূল করা হবে, অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।’

অন্তরা/

মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:২৯ পিএম
মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এরপর ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রীসহ ২৮ জন সফরসঙ্গী নিয়ে যাবেন তিনি।

শনিবার (২০ জুন) সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রীসহ ২৮ জনের সফরসঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে গুরুত্ব পাবে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, হালাল অর্থনীতি ও কর্মী প্রেরণ।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘তিস্তাসহ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। সফরে চীনের সঙ্গে দুইটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সামরিক সক্ষমতা বিকাশের ক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক আছে সেটি নিয়েও আলোচনা হবে।’

তিনি বলেন, ‘বিনিয়োগ বৃদ্ধিতে চীনের প্রাইভেট সেক্টরের সঙ্গে আলোচনা হবে। মালয়েশিয়ার শ্রমবাজারের আরও কর্মী নিতে অনুরোধ করা হবে। তবে যে প্রক্রিয়া বর্তমান, সেই রিভিউ প্রসেস শেষ হলে নিশ্চয়ই বাংলাদেশকে তারা গুরুত্ব দেবে। রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো মালয়েশিয়ায় গুরুত্ব পাবে।’

আমান/

ঢাকা ও বেইজিংয়ের মধ্যে চুক্তি হতে পারে ১৫-১৭টি : পররাষ্ট্র সচিব

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫০ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
ঢাকা ও বেইজিংয়ের মধ্যে চুক্তি হতে পারে ১৫-১৭টি : পররাষ্ট্র সচিব
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

আগামীকাল রবিবার (২১ জুন) শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরপর সোমবার বিকেলে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে যাবেন।

সিয়াম বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।’

তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। দুই সফরেই প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করেছি।’

পররাষ্ট্র সচিব বলেন, এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরে মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে, চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়) এ কে এম শহিদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাঈম/আমান