ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনাটি খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি। আমাদের বক্তব্য থেকে কিছু তারা গ্রহণ করেনি। একইভাবে তারা আমাদের হাইকমিশনারকে ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত কিছু নয়—সাধারণত এমনটা ঘটে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রহসনমূলক নির্বাচন হয়েছে। তখন ভারতের সঙ্গে সরকারের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, কিন্তু সে সময় ভারত একটি শব্দও উচ্চারণ করেনি। এখন যখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন নসিয়ত দেওয়া হচ্ছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় বুধবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হল। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায় দেশটি।
এসএন/