সুদানের আবেই সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে শহিদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে তিন বাহিনীর পক্ষ থেকে শহিদদের কফিনে শ্রদ্ধা জানানো হয়।
শহিদ ছয় সেনাসদস্যের মরদেহ হেলিকপ্টারযোগে নিজ নিজ জেলায় পাঠানো হবে। সেখানেই সামরিক মর্যাদায় তাদের দাফন কার্যক্রম সম্পন্ন হবে।
নিহত ৬ শান্তিরক্ষী হলেন- নাটোরের বাসিন্দা করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর বাসিন্দা সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
এর আগে, শনিবার বেলা ১১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে শহিদ সেনা সদস্যদের মরদেহ শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এরপর তাদের কফিন সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘাঁটিতে দায়িত্বরত ৬ বাংলাদেশি সেনাসদস্য নিহত হন। আহত হন আরও ৮ সেনাসদস্য। তাদের সুদানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এসজি/