ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৯ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নির্বাচন কমিশনের অনুমোদনের পর গত ১৫ জানুয়ারি থেকে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে। এবার একই ভোটকেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে পোস্টাল ব্যালট গণনার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের নামও গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে।
ইসি সূত্র জানায়, দেশের ৩০০ সংসদীয় আসনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটারের জন্য মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে দুই লাখ ৪৫ হাজারেরও বেশি ভোটকক্ষ স্থাপন করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রতিটি ভোটকক্ষে সিল দেওয়ার জন্য গোপনকক্ষের (মার্কিং প্লেস) সংখ্যা বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে ইসির উপসচিব (নির্বাচন সহায়তা সরবরাহ) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা ও ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার বিবরণ, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা (নারী, পুরুষ ও হিজড়া), পৃথক পুরুষ ও মহিলা ভোটকেন্দ্র এবং গোপনকক্ষ বৃদ্ধির তথ্য উল্লেখ করা হয়েছে।
এলিস/সুমন/