দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নির্বাচনি প্রচারে গেলে নির্যাতন, হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছে দলের মহিলা বিভাগ।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে দলটির প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে দেখা করে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কেন্দ্রীয় মহিলা বিভাগের চারজন দায়িত্বশীলসহ ছয় সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারী কর্মীরা যখন ভোট প্রচারে বিভিন্ন এলাকায় যাচ্ছেন বা নির্বাচনের কাজে নিয়োজিত হচ্ছেন, তখন একদল ব্যক্তি তাদের উপর শারীরিক নির্যাতন করছে, হিজাব ও নেকাব খুলছে, সাইবার বুলিং করছে এবং বিভিন্ন হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমরা ইসির পদক্ষেপ চাই।
মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য হাবিবা আক্তার চৌধুরী বলেন, তারা ইসিকে যে তালিকা দিয়েছেন, সেখানে ১৫টি স্থানের ছবি ও ভিডিও সংযুক্ত করা হয়েছে। তিনি জানান, ইসি এই বিষয়ে পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন।
এছাড়া সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামি সংগঠন, তাই নারী নেতৃত্বে আসতে পারবে না। কোরআনের নির্দেশ অনুযায়ী পুরুষ নারীর দায়িত্বশীল এবং নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।
এলিস/এসএন