প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরে অসহায় সেলিনার পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন।
‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।
এরপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এরপর আজ শুক্রবার সকালে নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিনা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দলটি সেলিনা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি, একটি অসহায় পরিবারের কঠিন সংগ্রাম’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল অসহায় সেলিনা বেগমের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিল।
সুমন/