এবারের পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
এবারও ভারতে ইলিশ রপ্তানি হবে কিনা? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার কোনো ইলিশ মাছ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।’
ইলিশ পাচার হওয়া ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় সভা করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কালকের পর থেকে সব আইন প্রয়োগকারী সংস্থা আমাদের সহায়তা করবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। আমার বাজার তদারকি করছি, এখানে জাটকা বিক্রি করছে কিনা। আড়ত ও ঘাট তদারকি করছি।’
সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে। সবাইকে সচেতন হতে হবে।’
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
এসজি/