এপ্রিল মাসে দুই দফা বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, এই মাসেও ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৯৪০ টাকাই বহাল রাখা হয়েছে।
রবিবার (৩ মে) এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি জানায়, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি।
এদিকে, আজ মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে দুই বার সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম।
গত ২ এপ্রিল ভোক্তাপর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। এর পর ১৯ এপ্রিল আবার ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বিইআরসি।
অমিয়/