জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান। তিনি বলেন, কার্যপ্রণালি বিধিতে এ ধরনের রীতি বাদ দেওয়ার যে বিধান করা হয়েছে, তা সবার মেনে চলা উচিত।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মুজিবুর রহমান বলেন, “কার্যপ্রণালিবিধিতে আগে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের কথা ছিল। পরে এ বিষয়ে আলোচনা-পর্যালোচনার পর সংশোধনীর মাধ্যমে বিষয়টি বাদ দেওয়া হয়। কারণ এটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং শিরকের কাছে চলে যায়।”
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আমি মাঝে মাঝে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু এরপরও আগের সেই ঝুঁকুনিটা রয়ে গেছে। আমার অনুরোধ, কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, তা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে, গুনাহ থেকে বাঁচা যাবে।”
জবাবে স্পিকার বলেন, “আমি রুলস অব প্রসিডিউর দেখব। বিষয়টি যার যার ব্যক্তিগত বিষয়ও হতে পারে। কেউ সালাম দেবেন, কেউ অন্যভাবে সম্মান প্রদর্শন করবেন। সারা পৃথিবীতেই এমন রীতি আছে। তবে বিগত সংসদে এটি বাতিল করা হয়েছে কি না, তা দেখে পরে জানাবো।”
এ সময় রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. নুরুল আমীন মুজিবুর রহমানের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, “মজিবুর রহমান সাহেব যেটা বলেছেন, সেটা ভ্যালিড। তিনি দেখেছেন যে আমি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছি। এটা তার পছন্দ হয়নি এবং তিনি এটিকে সংসদের রীতির খেলাপ বলে মনে করেছেন। সে কারণেই তিনি বিষয়টি উত্থাপন করেছেন।”
এলিস/এসএন