হজের সময় এলেই অনেক হাজি সাহেবকে দেখা যায়, মাতাফে তাওয়াফ করার সময় হাতে পুস্তিকা নিয়ে তাতে লেখা তাওয়াফের প্রতি চক্করের নির্দিষ্ট দোয়া জোরে জোরে পড়তে থাকেন। অনেকে এই দোয়াগুলো অশুদ্ধভাবেও পাঠ করতে থাকেন। আর দোয়া পাঠকারীর অধিকাংশ মানুষই অর্থ ও মর্ম না বুঝে শুধু মৌখিকভাবে উচ্চারণ করতে থাকেন। বহু মানুষ এমনও আছেন, যারা মুখস্থ বা পুস্তিকা দেখে কোনোভাবেই তা পড়তে পারেন না। তারা শুধু এই দোয়াগুলো পড়ার জন্য দলবেঁধে এমন কারও সঙ্গে তাওয়াফ করেন যিনি পুস্তিকা দেখে অশুদ্ধভাবে হলেও ওই দোয়াগুলো পড়তে পারেন।
তিনি উচ্চৈঃস্বরে দোয়াগুলো পড়েন। আর অন্যরা যদ্দূর সম্ভব তার অনুকরণের চেষ্টা করে থাকেন। এতখানি শ্রম স্বীকারের পেছনে তাদের এই ধারণা কাজ করে যে, তাওয়াফের প্রতি চক্করে শরিয়তের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দোয়া নির্ধারিত করে দেওয়া হয়েছে। যা পড়া জরুরি কিংবা গুরুত্বের সঙ্গে পড়া উচিত। আর এতে বিশেষ সওয়াব ও উপকারিতা আছে।
আরো পড়ুন: হারাম শরিফে নামাজ আদায়ে হাজিরা যে ভুল করেন
এ ধারণা সম্পূর্ণ ভুল। বিভিন্ন লিফলেট বা পুস্তিকায় তাওয়াফের প্রত্যেক চক্করের সময় পড়ার জন্য যেসব দোয়া লিখিত আছে সেগুলোর শব্দ ও অর্থ সঠিক হোক বা ভুল হোক, দোয়াগুলো কোরআন-হাদিসের দোয়া হোক বা অন্য কারও বানানো হোক, সেগুলো তাওয়াফের দোয়া নয়। অর্থাৎ ওই বিশেষ দোয়াগুলো তাওয়াফের সময় পড়া সুন্নতও নয়, মুস্তাহাবও নয়। তাওয়াফের সময় পড়ার জন্য যে দু-একটি দোয়া হাদিস শরিফে এসেছে তা খুবই সংক্ষিপ্ত।
আরো পড়ুন: হারাম শরিফে একটি গুনাহ কি এক লাখ গুনাহর সমান?
এই কোরআনি দোয়া গোটা তাওয়াফেই করা যায়। বিশেষ করে রুকনে ইয়ামানি ও হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এই দোয়া করা উচিত। এ ছাড়াও যে দোয়া মুখস্থ থাকে তা তাওয়াফের সময় পাঠ করা যায়। তদ্রূপ অন্তরে যে প্রয়োজন থাকে তা আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। এটাই আল্লাহর কাছে পছন্দনীয়–বান্দা যে ভাষাতেই তা প্রার্থনা করুক না কেন। আল্লাহতায়ালা বান্দার অন্তরের ভাষা বোঝেন। তাই মন খুলে যদি রবের কাছে ওই সময় দোয়া করা যায়, তা হলে রব কখনো তা ফিরিয়ে দেন না। অতএব না জেনে না বুঝে শুধু শব্দ উচ্চারণ করা থেকে নিজের আবেগমাখা ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা।
সুতরাং সম্মানিত হাজি সাহেবরা হজের মাসয়াল্লাগুলো ভালোভাবে জেনে সে মোতাবেক আমল করা। তাওয়াফের সময় দলবদ্ধতা এড়িয়ে চলা। আর অন্য হাজিদেরও কষ্ট না হয় সেসব বিষয় লক্ষ্য রাখা।
লেখক: আলেম ও সাংবাদিক