অংশগ্রহণেই ইতিহাস হতে চলেছে ফিফা বিশ্বকাপে। দল ঘোষণার মধ্য দিয়ে সবার আগে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকায় দ্বিতীয় সংযোজন লিওনেল মেসির নাম। এবার ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন গুইলের্মো ওচোয়া।
এই গোলরক্ষক ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলা প্রথম মেক্সিকান ফুটবলার হতে যাচ্ছেন। ৪০ বছর বয়সি ওচোয়াকে রেখে গতকাল মেক্সিকোর দল ঘোষণা করেছেন কোচ জাভিয়ের আগুইরে।
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেক হওয়া ওচোয়া সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের হয়ে সীমিত সংখ্যক ম্যাচ খেলেছেন। তবে ২৬ সদস্যের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটাতে গিয়ে তাকে আবারও দলে ডেকেছেন আগুইরে। অধিনায়ক এডসন আলভারেজ এবং স্ট্রাইকার রাউল গিমেনেজ দলে অভিজ্ঞতার ভারসাম্য এনে দিচ্ছেন। অন্যদিকে উদীয়মান প্রতিভাদের মধ্যে রয়েছেন গুয়াদালাহারার ফরোয়ার্ড আর্মান্দো গনজালেজ এবং তরুণ মিডফিল্ডার জিলবার্টো মোরা।
মাত্র ১৭ বছর বয়সে মোরা বিশ্বকাপে মেক্সিকোর প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে যাচ্ছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দ্বৈত নাগরিকত্বধারী ওবেদ ভার্গাস এবং ব্রায়ান গুটিরেজও দলের তরুণ সদস্যদের মধ্যে রয়েছেন। আগুইরে স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভাবো ফিদালগো এবং এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড জুলিয়ান কুইনোনেসকেও দলে রেখেছেন। জাতীয়করণপ্রাপ্ত এই দুই খেলোয়াড় ইতোমধ্যেই মেক্সিকো জাতীয় দলের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন।
মেক্সিকো সর্বশেষ ১৯৮৬ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল। ওই আসরে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। এবার ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে দায়িত্ব ভাগ করে নিচ্ছে মেক্সিকো। আগুইরের জন্য এটি হবে বিশ্বকাপে মেক্সিকোকে নেতৃত্ব দেওয়ার তৃতীয় অভিজ্ঞতা। এর আগে তিনি ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও দলটির কোচ ছিলেন।
বিশ্বকাপ শুরুর আগে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এস্তাদিও আজটেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা।
অনিক/