যুক্তরাষ্ট্রে পুলিশের গাড়িচাপায় জাহ্নবী কান্দুলা নামে এক ভারতীয় স্নাতকোত্তর ছাত্রী নিহতের ঘটনায় ওই ছাত্রীর পরিবারকে ৩৫৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে দেশটির একটি আদালত।
এই দুর্ঘটনাটি ২০২৩ সালে ঘটে। ওই বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে রাস্তা পার হওয়ার সময়ে পুলিশের গাড়িচাপায় জাহ্নবীর মৃত্যু হয়। রাস্তার যে অংশ দুর্ঘটনাটি ঘটে, সেখানে গাড়ির সর্বোচ্চ গতি থাকার কথা প্রতিঘণ্টায় ৪০ কিলোমিটার। কিন্তু পুলিশের গাড়িটি প্রতি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে ছুটছিল। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এপি জানায়, ওই দিন অতিরিক্ত মাদক সেবন করে ফেলার একটি ঘটনা পুলিশ জানতে পারে। সেই খবর পেয়ে দ্রুত ওই মাদকসেবনকারীর কাছে পৌঁছোনোর চেষ্টা করছিলেন স্থানীয় পুলিশ কর্মকর্তা কেভিন ডেভ। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। ওই পুলিশ কর্মকর্তা সাইরেন এবং ইমার্জেন্সি আলো জ্বালিয়েই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়।
পুলিশের গাড়ির ধাক্কায় প্রায় একশো ফুট দূরে ছিটকে পড়ে মারা যান ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নর্দইস্টার্ন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়াতে আসা জাহ্নবী।
জানা যায়, ওই দুর্ঘটনাটিকে প্রাথমিকভাবে সিয়াটেল পুলিশ ‘লঘু’ করে দেখানোর চেষ্টা করেছিল। দুর্ঘটনার দায় ছাত্রীর ওপরেই দোষ চাপিয়ে বলা হয়েছিল, পুলিশের গাড়িটি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতেই চালানো হচ্ছিল।
এ বিষয়ে সিয়াটলের সিটি অ্যাটর্নি এরিকা ইভান্স বলেন, 'জাহ্নবী কান্দুলার মৃত্যু এক দুঃখজনক ঘটনা। আমরা আশা করছি এই আর্থিক ক্ষতিপূরণ নিহত ওই ছাত্রীর পরিবারের কাজে আসবে। জাহ্নবীর পরিবার এবং পরিজনদের কাছে তার জীবনের মূল্য ছিল।
সুমন/