চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অনুরোধ ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা অনশন ও অবস্থান কর্মসূচি আপাতত প্রত্যাহার করেছেন। এ সময় ইলিয়াস কাঞ্চন অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. হারুন বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বাস্তবায়নে প্রজ্ঞাপনের দাবিতে সোমবার (২১ অক্টোবর) থেকে শাহবাগে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে আসছিলেন প্রত্যাশীরা। এর মধ্যে বেশ কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। বুধবার বিকেলে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অনুরোধে ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত অবস্থান কর্মসূচি ও অনশন প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা আপাতত সরলেও পরিস্থিতি স্বাভাবিক হলে ফের নতুন কর্মসূচি দেওয়া হবে। শিগগিরই আমরা ৩৫ বাস্তবায়নে প্রজ্ঞাপনের দাবিতে মহাসমাবেশের ডাক দেব।’
অনশন ভাঙাতে এসে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘তিন দিন ধরে একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছেন তারা। বেশ কয়েকদিন আগে তাদেরকে ডেকে নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। আমি প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার অবিলম্বে এই দাবি বাস্তবায়নের চেষ্টা করবে। একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে এ সরকার এসেছে, তাদেরও একটু সময় প্রয়োজন। সেই দিক বিবেচনা করে আন্দোলনকারীদের বলব, তারা যেন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং আমিও আমার জায়গা থেকে এ বিষয়ে কথা বলে যাব।’
আন্দোলনকারীরা ইলিয়াস কাঞ্চনের অনুরোধের প্রেক্ষিতে শাহবাগ ত্যাগ করেন।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। এটি ৩৫ করার দাবিতে কয়েক বছর ধরেই নিয়মিত কর্মসূচি পালন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেই দাবি একাধিকবার নাকচ করে দিয়েছিল। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই দাবি জোরালো হওয়ায় ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে কমিটি গঠন করা হয় ।
এ প্রসঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘১৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ এবং নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়।’
আরিফ/সুমন/অমিয়/