কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ৩০ বিশিষ্ট নাগরিক। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার, সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা গণমাধ্যমে এ বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিতে দেশের শীর্ষস্থানীয় লেখক, অধ্যাপক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পেশার এই ব্যক্তিরা বলেছেন, ‘আমরা এহেন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর উপযুক্ত ভাষা জানি না। প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা ইতোমধ্যে শনাক্ত করা অভিযুক্ত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিক আক্রোশ- কারণ যা-ই হোক, এ ধরনের ন্যক্কারজনক ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলবে না। অন্তর্বর্তী সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে এর বিরুদ্ধে দুর্জয় প্রতিরোধ গড়ে তুলতে সদা সক্রিয় থাকতে হবে।’
বিবৃতিতে আরও সই করেছেন, আনু মুহাম্মদ, সুলতানা কামাল, খুশী কবির, ইফতেখারুজ্জামান, গীতি আরা নাসরীন, ফিরদৌস আজীম, জেড আই খান পান্না, পারভীন হাসান, শিরীন পারভীন হক, জোবায়দা নাসরিন, রোবায়েত ফেরদৌস, তবারক হোসাইন, সুব্রত চৌধুরী, শামসুল হুদা, শহিদুল আলম, ফারজানা ওয়াহিদ সায়ান, সায়দিয়া গুলরুখ, রেহনুমা আহমেদ, তাসনিম সিরাজ মাহাবুব, ফসটিনা পেরেইরা, জাকির হোসেন, সাইদুর রহমান, মনীন্দ্র কুমার নাথ, পাভেল পার্থ, মিনহাজুল হক চৌধুরী, আশরাফ আলী, শাহাদাত আলম, নাজমুল হুদা, হানা শামস আহমেদ ও সাঈদ নাসের বখতিয়ার আহমেদ।