ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পার্বত্যাঞ্চলের জন্য আর্শীবাদ নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের কর্মশালায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, 'যে কাজটা শুরু হয়েছে সবকিছুর জন্য ভালো হবে। কিন্তু আঞ্চলিক পরিষদকে একটু সবসময় দায়িত্ব দিয়ে রাখেন। কারণ অবজেকশন আসবে, আমরা যা করি না কেন।
শুধু প্রশাসনিক সমাধান নয় দিন শেষে রাজনৈতিক সমাধানও হবে। এখানে আমরা পাশাপাশি থাকতে চাই। পাশাপাশি থাকাটা জরুরি হয়ে গেছে'।
শিগগিরই পার্বত্য তিন জেলায় ভূমি সেবায় হয়রানি বন্ধ ও সহজে সেবা দিতে ডিজিটাইজেশনের কার্যক্রম বাস্তবায়ন হবে । ইতোমধ্যে এই সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এসময় পার্বত্যাঞ্চলের বিদ্যমান ভূমির শ্রেণি পুনঃনির্ধারণ ও ভূমি উন্নয়ন কর বাড়ানোর প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে কর্মশালায়। কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নূরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র এ এস এম সালেহ আহমেদ।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক,মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৌজা প্রধান (হেডম্যান) অংশ নেন।
এসএন/